আক্ষেপ
কাউকে মনেরমত করে লিখতে দেখলে আমার বুকের ভেতর অকথ্য আদিম ও অপরিসীম বন্যব্যথা জেগে ওঠে। একটা আর্তক্লিষ্টতামোহিত গোপন অবসাদ আমি অনুভব করি। এখন কোনমতেই নিজেকে টেনেটুনে লিখতে বসাতে পারি না। কলম খাতার সাহচর্যহীন এই জীবন আমি চাইনি; এখানে আমার ভালো লাগে না। অথর্ব অপরিণত ও অস্বস্তিকর মনে হয়। থেকে থেকে দম বন্ধ হয়ে আসে। আমি এই জীবন থেকে পালিয়ে বাঁচতে চাই। স্থুল দেহের উন্মত্ত যৌবনের খোলস ছেড়ে কিম্বা অন্তত মরে গিয়ে হলেও। যে জীবনে সাহিত্য নেই– শব্দের ভার ও মর্মের বেদনারহিত যে জীবন– যেখানে ভালোবাসা অস্পৃশ্য, সেখানে, সে জীবনে আমার কী! চলো অন্য কোথা, অন্য কোনখানে... || আক্ষেপ, ইসহাক নাজির || ||১৯ শে জুন, ২০২১ ইং, শনিবার ||