আমার কথাঃ তোমায় মনে পড়ে মা গো! তোমায় মনে পড়ে!
খুব ভোরে আঁধার মিলিয়ে যাবার আগেই আজ আমরা বেরিয়ে পড়ি। সেই সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি আর বাদলা হাওয়ার দৈত সমীরণে ব্রহ্মপুত্রের বুকে ভেসে চলছে আমাদের ত্রাণ বোঝাই ট্রলার। অবিরত বর্ষণে দিগন্তের সবুজকে আজ ঝাপসা দেখাচ্ছে। উপরের ঘোলাটে আর্দ্র আকাশ, নিচে অন্ত্যহীন-বিস্তৃত দরিয়ার হাতছানি এবং ভরা যৌবনা ব্রহ্মপুত্রের রূপ-সৌন্দর্য! অথচ এসবের কিছুই আমার মন ভোলাতে পারছে না। মন পড়ে আছে সেই সুদূর-আকর্ষণী আমার আম্মুর কোলে। আজকের এই দিনে, যে দিন বছরে একদিনেই এসে একদিনেই চলে যায়, সেই দিন আমার আম্মু-আব্বুর স্পর্শহীন বিদায় নেয়নি কখনো। অথচ আজ আমি আম্মু-আব্বু থেকে চারশো কিলো দূরের বন্যাঞ্চল কুড়িগ্রামে সফররত। আজকের ঘন বর্ষণ আমার স্মৃতিতে জাগিয়ে তোলে একটি বৃষ্টিভেজা মধ্যদুপুরের কথা।১৯৯৭'র ৭ই জুলাই, বেলা বারোটা৷ আজকের মতো সেদিনও ছিলো প্রবল বৃষ্টির দিন৷ নদীর পানিতে আমাদের ট্রলার ভেসে চলার মতো আমার মস্তিষ্কে ভেসে বেড়ায় তেইশ বছর পূর্বেকার আমার যুবতী এবং প্রসূতি মায়ের কথা। আজ চারশো কিলো দূরত্বের এই সফরে আম্মুকে একটু দেখার আকুলতার মতো সেদিনও বুঝি আমাকে একটু দেখার পিপাসায় কাতরে উঠছিলো আম্মু। আম্মুর মুখ...