দারিদ্রতা ও একটি আহ্বান
নামাজ শেষে সালাম ফেরানোর পরেই ইমাম সাহেব বললেন,এক মেয়ে এসেছে সাহায্যের জন্য। তার মায়ের......। সে বাহিরে দাঁড়িয়ে থাকবে। যে যা পারি, সাহায্য করি।
.
নামাজের পরে বাহিরে গিয়ে প্রথমে কাউকেই দেখতে পেলাম না। হঠাৎ আঁধারে দেয়ালের সাথে মিশে দাঁড়িয়ে থাকা এক তরুণীর দিকে নজর পড়লো। বুঝতে পারছি না,এই মেয়ে কি সেই, ইমাম সাহেব যাকে সাহায্যের ব্যাপারে বললেন! নিজের ভেতর এই দ্বিধাবোধের কারণটা হচ্ছে, অন্যান্য সাহায্যপ্রার্থী কিংবা অল্প বয়েসী তরুণীরাও যেভাবে সাহায্যের আওয়াজ তোলে,এই প্রার্থী একেবারেই তাদের ভিন্ন। তিনি দাঁড়িয়ে আছেন ভাবটা এমন যেনো,ছোট ভাই মসজিদে নামাজে এসেছে। বড় বোন বাহিরে প্রতিক্ষমান।
.
অবাক হবার বিষয় হলো,মেয়েটা আপাদমস্তক বোরকাবৃতা। হাতে হাতমোজা ও পায়ে পা মোজা ছিলো। তার মানে হলো, মেয়েটা হয়তো মাদ্রাসায় পড়েন নয়তো ধার্মিক কোনো পরিবারের। অভাব,দীনতা,মায়ের অসুখের যন্ত্রণা তাকে আজ হাত পাতায় মাজবূর করেছে।
.
আমার বাসায় বোন নেই। আত্মীয়দের ভেতরেও বোনের বড়ই অভাব। তাই মেয়েদের সংস্পর্শ থেকে আমি অনেকটাই দূরে৷ হয়তো এ কারণটাই আমাকে মেয়েটার সামনে গিয়ে সাহায্যের হাত বাড়াতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলো। তবু সামনে গেলাম।তাওফিক অনুযায়ী কিছু দেওয়ার চেষ্টা করলাম।তবে তার হাত যেনো বাড়ছেই না।কাঁপা কাঁপা হাত খানিকটু বেরিয়ে এলো৷ আমি যৎসামান্য যাই পেশ করলাম,তিনি গ্রহণ করতেই দ্রুত সরে এলাম৷
.
এই যে দারিদ্রতা,এটা আমাদের সমাজের ওতোপ্রোতো ভাবে জড়িয়ে থাকা একটি অনস্বীকার্য অধ্যায়। দেশে দারিদ্রতা মুক্তির জয়গান শুনি। কিন্তু কোথায়, প্রায় প্রত্যেক নামাজের পরেই মসজিদের বাহিরে সাহায্যের হাত এড়িয়ে যাবার সুযোগ থাকেনা। দারিদ্রতাকে প্রত্যাখ্যান করছি না। বলছি,দারিদ্রতা মুক্তিকরণের কথা। আমার ভাত,মাছ আর কাপড়ের প্রয়োজন আছে। আয়েশী জীবন আর বিলাসবহুল মাথাগোঁজার ঠাঁইয়ের প্রয়োজন আছে। আমার দরিদ্র প্রতিবেশির ঠিক এতোটা দরকার নেই। আমাদের নেক দৃষ্টি ও সামান্য কিছু অর্থায়নই হাসি ফোটাতে পারে কোনো শুকনো মুখে।
তাই,বিত্তবানদের প্রতি আমার অনুরোধ হলো, ভাইয়েরা! আমরা যদি এদের প্রয়োজন পূরণার্থে এক পা অগ্রসর হই,হয়তো খিলখিলিয়ে ওঠবে কোনো জীবন। হয়তো খোদার রহমত দৌঁড়ে আসবে সফলতার পথ ধরে। কেননা,"দরিদ্রের হাতে তুমি আমাকেই পাবে" বলে ওয়াদা যে রয়েছে রাব্বে কারীমের।
.
অতএব,দারিদ্র সেবা আমাদের উন্নতির উৎস হোক। জীবনে বেঁচে থাকারই একটি মাধ্যম হোক৷ হোক আমাদের চলার পথের আন্দোলন।
-২০.০৯.২০১৯
রোজ শুক্রবার।
রাত,১২.৫০ মি.
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন